সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৮৮ নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৯, উপসর্গ নিয়ে ৪ মৃত্যু : লকডাউন চলছে



নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। 

সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) রাত থেকে শনিবার (০৫ জুন) দুপুর পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে তারা মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ২২০ জন।


এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৭ জন। এছাড়া ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন।


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার মৃত ইফসুফ সরদারের ছেলে আশরাফ হোসেন (৮৭), কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সোনা উল্লাহর স্ত্রী রহিমা খাতুন (৭০), সদর উপজেলার বুলারাটি গ্রামের মৃত সরদার গাজীর ছেলে জুলমত গাজী (৮৫) ও শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সামছুর রহমান(৩৫)।


মৃত ব্যক্তিদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে আশরাফ হোসেন ও সকালে রহিমা খাতুন, জুলমত গাজী এবং সদর হাসপাতালে সামছুর রহমান মারা যান।


সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


তিনি আরো জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।


তবে শনিবার সকাল থেকেই যাত্রী গাদাগাদি করেই হরহামেশা মহেন্দ্র, ইজিবাইক ও স্থানীয় অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ আঞ্চলিক বিভিন্ন সড়ক এবং গ্রামাঞ্চলের রুটেও আগের মতোই ইজিবাইক ও মহেন্দ্র যথারীতি চলতে দেখা গেছে। 


ফলে লকডাউনের যথার্থতা যেমন প্রশ্নের মুখে তেমনি করোনা সংক্রমন রোধও কঠিন হয়ে পড়বে বলে স্থানীয়রা বলছেন।

Post a Comment

Previous Post Next Post